মিয়ানমারের গৃহযুদ্ধ দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে – DesheBideshe

মিয়ানমারের গৃহযুদ্ধ দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে – DesheBideshe

রংপুর, ০৯ ফেব্রুয়ারি – সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে। তাদের দেশের সৈনিকরা আমাদের দেশে পালিয়ে আসছে। গোলাবারুদ আমাদের দেশের মধ্যে পড়ছে। ইতোমধ্যে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ব্যাপারটি নিয়ে দেশের মানুষের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। উৎকণ্ঠিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা বলতে পারছি না।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনদিনের সফরে রংপুরে গিয়ে নগরীর সেনপাড়া মহল্লায় তার পৈত্রিক বাসা স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। যেহেতু আইন হয়েছে। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবো। ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সংসদ কার্যকর হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, ‘সংসদে উভয় পক্ষ সমানভাবে কথাবার্তা বলতে পারলে সংসদ কার্যকর হয়। বিরোধী দল হিসেবে আমাদের রোল প্লে করার সুযোগ এখনও সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’ এ জন্য সংসদে বিরোধী দলকে সমান সুযোগ দেবার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি আবারও ২০১৪ সালের মতো সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে মন্ত্রিসভায় যোগ দিচ্ছে- এমন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনও প্রস্তাব আমরা পাইনি। যদি আসে সবকিছু বিবেচনা করে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন, সরকারের দোষত্রুটি ধরিয়ে দেয়া, খারাপ কাজের সমালোচনা করাসহ কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও তেমন কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। অর্থনীতির বেহাল দশার কারণে মানুষ কর্ম হারাচ্ছে বেকারত্ব বাড়ছে। যে আয় হয়, সাধারণ মানুষের তা দিয়ে তিন বেলা খাবার জোটানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি সরকারকে কঠোরভাবে মনিটারিং করা প্রয়োজন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা আব্দুর রাজ্জাক, শাফিয়ার রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি হিসেবে জিএম কাদের তিন দিন রংপুরে অবস্থান করে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে যাবেন। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। তার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেবেন। এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েও দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top