আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিটা ২০২২ এশিয়া কাপে খেলেছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া সেই মুশফিকই আপাতত এবারের বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। ফরচুন বরিশালের হয়ে ৬ ইনিংস ব্যাটিং করে এই উইকেটকিপার–ব্যাটসম্যান করেছেন ২২৯ রান। দুবার ৫০ ছাড়ানো মুশফিকের স্ট্রাইক রেটও খারাপ নয়—১৩০.১১।
তবে মুশফিক তাঁর মোট রানের প্রায় দুই-তৃতীয়াংশই করেছেন ঢাকায় প্রথম পর্বে বাংলাদেশের ক্রিকেটের ‘হোম’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রংপুরের বিপক্ষে ২৬ রান করে টুর্নামেন্ট শুরু করা ব্যাটসম্যান মিরপুরে পরের দুই ম্যাচে করেন অপরাজিত ৬৮ ও ৬৩ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৯ বলে ৬৮ রান করার পথে ৪টি ছক্কা মেরেছিলেন মুশফিক। পরের দিনই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রান করেন সিলেট স্ট্রাইকার্স ছেড়ে এ মৌসুমে বরিশালে যাওয়া মুশফিক। ওই দুই ম্যাচেই অবশ্য হেরেছে মুশফিকের বরিশাল।
ঢাকায় ৩ ম্যাচে ১৫৭ রান করা মুশফিক সিলেটে গিয়ে ৩ ইনিংসে করেছেন ৭২ রান। ওই ৩ ম্যাচেই ২০-এর ঘরে আউট হয়েছেন মুশফিক। সিলেট ঘুরে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। ঢাকায় দ্বিতীয় পর্বে বরিশাল খেলবে দুটি ম্যাচ। ‘প্রিয়’ মাঠে মুশফিক রানে ফিরবেন, বরিশালের সমর্থকেরা এই আশা করতেই পারেন।


