মির্জা আব্বাসের জামিন শুনানি কাল – DesheBideshe

মির্জা আব্বাসের জামিন শুনানি কাল – DesheBideshe

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

ঢাকায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ শুনানি হবে। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত চলাকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়।

এর মধ্যে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top