দু’দিন আগে বিয়ে, আজ হলেন লাশ!

দু’দিন আগে বিয়ে, আজ হলেন লাশ!

দু’দিন আগেই করেছেন বিয়ে। সেই বিয়ে ঘিরে দুই পরিবারে এখনো খুশির আমেজ। সেই উৎসবে হঠাৎ নেমে এল নিস্তব্ধতা। সড়ক দুর্ঘটনায় যে প্রাণ হারিয়েছেন বর রায়হান নওশাত।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে এই তরুণের প্রাণ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রায়হান নওশাত নগরীর কাটগড় এলাকার এসএপিএল কনটেইনার ডিপোতে চাকরি করতেন। আরেক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন দু’জনে। ঘটনাস্থলেই মারা যান নওশাত। অন্যজনও গুরুতর আহত হয়েছেন।

রায়হান নওশাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।

তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান নওশাতকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে আছে।’

নিহত রায়হান নওশত চট্টগ্রামের বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। ২ ফেব্রুয়ারি সানজিদা সূচি নামের এক তরুণীর সঙ্গে তার আকদ হয়। আকদ অনুষ্ঠান শেষে সবার সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন রায়হান। সেই হাসিমুখ এত দ্রুত মুছে যাবে মানতে পারছেন না কেউ। তাই তো এমন মৃত্যুর খবর পেতেই সহপাঠী আর শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের অনেকেই রায়হানকে নিয়ে ফেসবুকে নানা স্মৃতিচারণ করছেন।’

রেজওয়ান ইসলাম নামের একজন লিখেছেন, ‘পরশু দিন (শুক্রবার) ভাইয়ের আকদ হলো। আজ আমি এটা কি শুনলাম? কোনো ট্যুরের কথা বললেই বাইক নিয়ে যাবেন বলে জানাতেন। এই প্রিয় বাইকটা ভাইয়ের প্রাণটাই নিয়ে গেল।’

নানা ব্যস্ততায় বহুদিন ফেসবুক থেকে দূরে ছিলেন রায়হান নওশাত। এই বছরের শুরুতে পুনরায় ফিরে আসেন ফেসবুকে। সেই কথা তুলে ধরে একরামুল হক শামিম নামের আরেকজন আফসোস ঝরল-‘ভাই ফেসবুকে যেভাবে ফিরে এসেছিলেন, সেভাবে আবার পৃথিবীতে ফিরে আসা যায় না?’

কিন্তু রায়হান নওশাত যেখানে গিয়েছিলেন, সেখান থেকে যে আর কখনো ফেরা যায় না!

Scroll to Top