ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল: লাজারিনি

ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল: লাজারিনি

ইসরায়েল-হামাস সংঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেওয়া সংগঠন জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) অর্থায়ন স্থগিত করেছে যুক্তরাষ্ট্রসহ ১৫টি দাতা দেশ। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি এখনও ইসরায়েল প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েল এখনও ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএর ১২জন কর্মী জড়িত থাকার দাবির কোনো প্রমাণ দিতে পারেনি। ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে তিনি গুরুত্ব সহকারে নিচ্ছেন বলে জানান।

গোয়েন্দা মূল্যায়ন পর্যবেক্ষণ করে লাজারিনি আরও বলেন, শরণার্থী সংস্থার কর্মীর বিরুদ্ধে আনা ইসরায়েলি নারী অপহরণের দাবিটিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি ও তদন্তের অগ্রগতির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে কর্মরত ইউএনআরডব্লিউএ’র কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ইসরায়েল। অভিযোগ, সংস্থাটির অন্তত ১২ জন কর্মী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত ছিলেন। এমন অভিযোগের পর ইউএনআরডব্লিউএ-কে অর্থায়ন স্থগিতের ঘোষণা করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালিসহ ১৫টি দাতা রাষ্ট্র।

ল্যাজারিনি বলেন, দাতা দেশগুলোর এমন পদক্ষেপের ফলে ফেব্রুয়ারির শেষ নাগাদ গাজা উপত্যকায় জীবন রক্ষাকারী সহায়তা এবং মানবিক কার্যক্রম শেষ করতে বাধ্য হতে পারে ইউএনআরডব্লিউএ।

Scroll to Top