অস্ট্রেলিয়ার ইতিহসে সবচেয়ে ভয়াবহ ডেটা হ্যাক’র ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলেকজান্ডার এরমাকভ নামের এক রাশিয়ান ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার ২৩ জানুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, সাইবার নিষেধাজ্ঞা আইনের আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয় আলেকজান্ডার এরমাকভ’র উপর। ২০২১ সালে পাস হওয়া সাইবার নিষেধাজ্ঞা আইনে এই প্রথম কাউকে অভিযুক্ত এবং সাজা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার বৃহত্তম স্বাস্থ্য বীমাকারী মেডিব্যাঙ্ক থেকে ৯৭ লাখ অস্ট্রেলিয়ানদের ব্যক্তিগত তথ্য চুরি করে ‘রিভিল’ নামের হ্যাকার গ্রুপ, যার অন্যতম সদস্য এরমাকভ। যেখানে নাগরিকদের মানসিক স্বাস্থ্য রেকর্ড, গর্ভপাতের রেকর্ডসহ অসংখ্য সংবেদনশীল নথি ছিল।
হ্যাকাররা অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ প্রায় ৯৭ লাখ গ্রাহকের চিকিৎসা সংক্রান্ত তথ্যে অনুপ্রবেশ এবং পরে সেগুলো অনলাইনে ছড়িয়ে দেয়। এমনকি হ্যাকিংয়ের শিকার থেকে বাদ যায়নি স্বয়ং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজিস।



তথ্য চুরির পর প্রথমে মুক্তিপণ দাবি করে হ্যাকররা। পরে মুক্তিপণ না পেলে তা অনলাইনে ছড়িয়ে দেয়।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এরমাকভ কুখ্যাত রাশিয়ান সাইবার-ক্রাইম গ্যাং ‘রিভিল’র অংশ। গ্রুপটি ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন সাইবার হামলার সাথে যুক্ত।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ওনিল বলেন, ‘একটি জাতি হিসেবে আমাদের অভিজ্ঞতার সবচেয়ে বিধ্বংসী সাইবার-আক্রমণ এটি।’ অস্ট্রেলিয়া সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর পরিমাণে ডেটা লঙ্ঘনের মুখোমুখি হয়। তবে মেডিব্যাঙ্ক হ্যাকের ঘঠনা পুরো দেশজুড়ে আলোড়ন তুলে।






