৪২ ম্যাচে ৫৩০ ছক্কা, বিশ্বকাপে নতুন রেকর্ড

৪২ ম্যাচে ৫৩০ ছক্কা, বিশ্বকাপে নতুন রেকর্ড

টি-২০ ম্যাচ মানেই যেন ছক্কার ফুলঝুরি। বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। এবারের টি-২০ বিশ্বকাপেও শুরু থেকেই দেখা গেছে ছক্কার রাজত্ব। বিশ্বকাপের মাঝপথে এসে তাই হলো নতুন এক রেকর্ডও। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছে এই আসরেই।

৭ ফেব্রুয়ারি পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের ১০ আসরের। ১৪ দিনের গ্রুপ পর্বের লড়াই শেষে সুপার এইটে উঠেছে ৮ দল। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে ব্যাটারদের ছক্কার মারার প্রবণতা ছিল আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি।

এখন পর্যন্ত সুপার এইটের তিন ম্যাচসহ বিশ্বকাপে মোট ম্যাচ হয়েছে ৪২টি। এই আসরে এখন পর্যন্ত ছক্কা হাঁকানো হয়েছে ৫৩০টি। যা অন্য যেকোনো আসরের চেয়ে বেশি।

২০২৪ সালের বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ছক্কা হাঁকানো হয়েছিল ৫১৭টি। এবারের সুপার এইট পর্বই শুরু হয়েছিল ৫০৭ ছক্কা নিয়ে। সুপার এইটের পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম ম্যাচটি বৃষ্টিতে পুরোপুরিই ভেসে গেল। শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচেও হলো না নতুন রেকর্ড। তবে সেই ম্যাচে ৭ ছক্কা হওয়ায় ব্যবধানটা কমে যায় চারে।

গত রাতের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভাঙে আগের বিশ্বকাপের রেকর্ড। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মেরেছে ১০টি ছক্কা। ভারত মেরেছে ৬টি। এ বিশ্বকাপে ছক্কা এখন তাই ৫৩০টি।

এবার প্রতি ম্যাচে গড়ে প্রায় ১৩টি ছক্কা হয়েছে। এটিও রেকর্ড। এর আগে একবারই ম্যাচপ্রতি ছক্কা দুই অঙ্ক ছুঁয়েছিল। ২০১০ সালে ২৭ ম্যাচে হয়েছিল ২৭৮টি ছক্কা, ম্যাচপ্রতি ছক্কা ছিল ১০.৩।

Scroll to Top