২০২৮ কোপা আমেরিকা খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

২০২৮ কোপা আমেরিকা খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

নিকট ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত বরাবরের মতোই লিওনেল মেসির ওপর ছেড়ে দিতে চায় আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও তাপিয়া বলেছেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে মহাতারকাকে কোনো ধরনের চাপ দেবেন না তারা।

মেসির বয়স হয়ে গেছে ৩৯। কিন্তু তার মাঠের পারফরম্যান্সে বয়সের ছাপ খুব একটা পড়ছে না। এখনও সবুজ গালিচায় দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি। এবারের বিশ্বকাপেই যেমন তার জাদুতে ফাইনাল খেলে আর্জেন্টিনা। উত্তর আমেরিকা আসরে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনা দলে মেসির ভবিষ্যৎ নিয়ে কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয় অনেকবারই। এনিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি তিনি। মেসি নিজেও আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি।

টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে তাপিয়াকে জিজ্ঞাস করা হয়, দুই বছর পরের কোপা আমেরিকায় খেলবেন কিনা মেসি। এর জবাবে আর্জেন্টাইন ফুটবল প্রধান বলেন, ‘এটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তাপিয়ার মতে, খেলতে চাওয়া ইচ্ছাটা মেসির ভেতর থেকে আসতে হবে। তাই তাকে খেলার জন্য জোর করার কিছু দেখেন না তিনি, ‘মাঠে তার খেলা উপভোগ করেছি। তার খেলা প্রতিটি প্রতিযোগিতার মতো এই বিশ্বকাপেও সে ছিল দলের কাণ্ডারি। তাকে ভেতর থেকে এটা (খেলার আগ্রহ) অনুভব করতে হবে। ২০২৬ বিশ্বকাপে সে খেলবে কি না, ২০২২ সালেও আমরা জানতাম না। সে বলেছিল, ‘এক ম্যাচ করে এগোব’, আর আমরা তাকে তার সেরাটা দিতে দেখেছি।’

২০২২ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। তার কাঁধে চড়েই ৩৬ বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ওই আসরের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছিলেন আটবারের ব্যালন দ’র জয়ী।

২১ বছর ধরে আলবিসেলেস্তেদের হয়ে খেলছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সিনিয়র ফুটবলে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি; দুটিই দেশটির হয়ে রেকর্ড। অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলারদের একজন মেসিকে নিয়ে গর্বের শেষ নেই তাপিয়ার, ‘আমাদের তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। সে যেন ফুটবল খেলা উপভোগ করে যেতে পারে, আমরাও যেন তার খেলা উপভোগ করতে পারি। আর সে যেন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’

Scroll to Top