ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ২০২৪ সালে শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে তাকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে সম্প্রতি বাংলাদেশ দলে সাকিবের ফেরার গুঞ্জন বেশ জোরালো হয়েছে।
সাকিবের বর্তমান বয়স ৩৭ বা ৩৮ হলেও তার ফিটনেস ও দক্ষতা নিয়ে আশাবাদী মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন, সাকিব যদি একটি নির্দিষ্ট ফরম্যাটে মনোযোগ দেন, তবে অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলকে সেবা দিতে পারবেন।
আশরাফুলের মতে, সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দল সুবিধা পাবে।
জাতীয় দলের বর্তমান অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে আশরাফুল জানান, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দল ভালো অবস্থানে থাকলেও ওয়ানডেতে কিছুটা ঘাটতি রয়েছে। বিশেষ করে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিবের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে মিডল অর্ডারে শূন্যতা তৈরি হয়েছে। যারা বর্তমানে খেলছেন তারা ভালো পারফর্ম করলেও দলগত ফলাফল আশানুরূপ হচ্ছে না।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা জরুরি। তাই প্রতিটি ম্যাচ ও সিরিজকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬







