২০২৬ বিশ্বকাপ: রোনালদো-মদ্রিচের দ্বৈরথ দেখতে টিকিটের দাম ২৬ লাখ টাকা – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ: রোনালদো-মদ্রিচের দ্বৈরথ দেখতে টিকিটের দাম ২৬ লাখ টাকা – DesheBideshe


২০২৬ বিশ্বকাপ: রোনালদো-মদ্রিচের দ্বৈরথ দেখতে টিকিটের দাম ২৬ লাখ টাকা – DesheBideshe

ওয়াশিংটন, ১ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিটের দাম পুনর্বিক্রয় বাজারে আকাশ ছুঁয়েছে। ফুটবল ভক্তদের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ লড়াই দেখার উন্মাদনা এতটাই যে, সিটগ্যাকের মতো প্ল্যাটফর্মে কিছু আসনের মূল্য ৩০ হাজার কানাডিয়ান ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা। টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি নিউজের তথ্যানুসারে, সিটগ্যাক ও স্টাবহাবে অনেক টিকিটই কয়েক হাজার ডলারে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি একটি সাধারণ আসনের সর্বনিম্ন মূল্যও ২ হাজার ৬০০ ডলারের বেশি দেখা গেছে।

অথচ ২০২৫ সালে ফিফা যখন আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করেছিল, তখন এর নির্ধারিত মূল্য ছিল ৩৩৫ থেকে ৮৭৫ ডলারের মধ্যে। টরন্টোতে বিপুল সংখ্যক পর্তুগিজ ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বসবাস এই ম্যাচের চাহিদা বাড়ার অন্যতম কারণ।

পরিসংখ্যন অনুযায়ী, বৃহত্তর টরন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ এবং ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন। এছাড়া এই নকআউট ম্যাচটি রোনালদো বা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকায় এর আবেগীয় গুরুত্বও অনেক বেশি।

টরন্টো যে অন্টারিও প্রদেশে অবস্থিত, সেখানে চলতি বছর টিকিটের মূল দামের চেয়ে বেশি দামে পুনর্বিক্রয় নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছে। তবে পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলো জানিয়েছে, মূল ক্রয়ের তথ্য যাচাই করা কঠিন হওয়ায় এই আইন কার্যকর করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ম্যাচে যে দল জিতবে তারা শেষ ১৬ তে জায়গা করে নেবে এবং পরাজিত দলের বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ হবে।

এস এম/ ১ জুলাই ২০২৬



Scroll to Top