২০২৬ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রে যাতায়াত খরচ একলাফে বাড়ল ১২ গুণ – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রে যাতায়াত খরচ একলাফে বাড়ল ১২ গুণ – DesheBideshe


২০২৬ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রে যাতায়াত খরচ একলাফে বাড়ল ১২ গুণ – DesheBideshe

ওয়াশিংটন, ১৮ এপ্রিল – আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫৩ দিন বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্ব আসরকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও যাতায়াত খরচের অস্বাভাবিক বৃদ্ধিতে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ট্রেনের ভাড়া একলাফে ১২ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নিউজার্সির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ ইয়র্ক থেকে মেডোল্যান্ডস স্টেডিয়ামে যাতায়াতের জন্য দর্শকদের রাউন্ড ট্রিপ টিকিটে ১৫০ ডলার গুণতে হবে।

সাধারণ সময়ে এই একই পথের ভাড়া মাত্র ১২ ডলার ৯০ সেন্ট। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামের দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। এই স্টেডিয়ামে ফাইনালসহ বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি জানান, বিশ্বকাপের আটটি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার ট্রেনের টিকিট বরাদ্দ থাকবে। যাতায়াত খরচের এই চড়া মূল্য নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। নিউ ইয়র্কের বাসিন্দা গাই ডিক্সন বিষয়টিকে লজ্জাজনক হিসেবে অভিহিত করে বলেন, ভক্তদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে।

এছাড়া স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের খরচও আকাশছোঁয়া। প্রতিবন্ধী দর্শকদের জন্য পার্কিং ফি নির্ধারণ করা হয়েছে ২২৫ ডলার। নিউজার্সির জনপ্রতিনিধি মিকি শেরিল এই সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ফিফা দর্শক পরিবহনের জন্য কোনো অর্থ প্রদান করেনি। তিনি আরও দাবি করেন, আগের নেতৃত্বের সঙ্গে করা চুক্তির কারণে এনজে ট্রানজিটের প্রায় ৪ কোটি ৮০ লাখ ডলার লোকসান হতে পারে। অন্যদিকে, সিনেট নেতা চাক শুমারও মনে করেন এই ব্যয়ভার ফিফারই বহন করা উচিত।

তবে ফিফার চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি এই দাবিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, কোনো বড় ক্রীড়া বা সাংস্কৃতিক আয়োজনে এভাবে হঠাৎ করে মনগড়া মূল্য নির্ধারণ করে ফিফার কাছে টাকা চাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। ফিফা নিজেকে একটি অলাভজনক সংস্থা হিসেবে দাবি করে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। ফ্রান্স ও ইংল্যান্ডের ফুটবল সমর্থক গোষ্ঠীগুলোও এই অতিরিক্ত খরচের তীব্র সমালোচনা করেছে। তারা মনে করছেন, ভক্তদের নানাভাবে ঠকানোর প্রক্রিয়া চলছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও স্বল্প দূরত্বের যাত্রায় এত বেশি ভাড়া নেওয়ার বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬



Scroll to Top