
ওয়াশিংটন, ১৯ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেডিয়াম ও এর আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে এফ ১৬ যুদ্ধবিমান, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
আগামী রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির বিশেষ অনুষ্ঠান হিসেবে ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের আশপাশের আকাশসীমায় অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নিষিদ্ধ আকাশসীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে এফ ১৬ যুদ্ধবিমান। একই সঙ্গে স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন তুখোড় স্নাইপাররা। পুরো নিরাপত্তা কার্যক্রমে এফবিআইসহ একাধিক ফেডারেল সংস্থা সরাসরি সহযোগিতা করবে। হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির কারণে স্টেডিয়ামে প্রবেশে বাড়তি সময় লাগতে পারে বলে সতর্ক করা হয়েছে। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, এই নিরাপত্তা ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান বা কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণের নিরাপত্তার সমপর্যায়ের।
তিনি এই আয়োজনকে সুপার বোলের চেয়েও বড় হিসেবে বর্ণনা করেছেন। ইতিমধ্যেই নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের এফ ১৬ যুদ্ধবিমান।
এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোনও জব্দ করেছে কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, ম্যাচ শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন।
এস এম/ ১৯ জুলাই ২০২৬







