
বুয়েনস আইরেস, ৮ আগস্ট – আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ হুমকি দেওয়ার তথ্য সামনে এসেছে। কেবল মেসিই নন, এই হুমকির তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়রা।
এছাড়া ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও হামলার লক্ষবস্তু ছিলেন বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে একটি ফাঁস হওয়া পুলিশ ডসিয়ের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে শীর্ষ ফুটবলার ও কর্মকর্তাদের লক্ষ্য করে একাধিক প্রাণনাশের হুমকি এবং বোমা হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
এই পরিস্থিতির কারণে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর অবস্থান নিতে হয়। বিশেষ করে মেসিকে লক্ষ্য করে আটলান্টার একটি স্টেডিয়ামে শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হামলার হুমকি দেয় এক ব্যক্তি। আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বিভিন্ন ডাস্টবিনে বোমা রাখার মিথ্যা খবর ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টাও করা হয়।
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেল ঘিরেও সন্দেহজনক তৎপরতা দেখা গিয়েছিল। একজন ব্যক্তি অননুমোদিতভাবে তার হোটেলে প্রবেশের চেষ্টা চালান। অন্যদিকে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল।
এছাড়া ভিএআর রেফারি উইলি দেলাজোকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বৈশ্বিক এই আসরে খেলোয়াড়দের অনলাইন হয়রানি ও শারীরিক নিরাপত্তার বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এস এম/ ৮ আগস্ট ২০২৬







