
বুয়েনোস আইরেস, ২৫ জুন – বিশ্ব ফুটবল প্রেমীদের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই টানটান উত্তেজনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি কোটি ভক্ত। এবার ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের সমীকরণ অনুযায়ী সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে ল্যাটিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি।
বিশ্বকাপের নকআউট ব্র্যাকেট বিশ্লেষণে দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিল যদি তাদের প্রথম তিনটি ধাপ অর্থাৎ রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল সফলভাবে অতিক্রম করতে পারে তবেই শেষ চারের লড়াইয়ে তাদের দেখা হবে।
আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ এর রানার্সআপ দল। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও তাদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে।
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েছে তারা। পরবর্তী রাউন্ডে নেদারল্যান্ডস, সুইডেন অথবা জাপানের মুখোমুখি হতে পারে ব্রাজিল।
ঐতিহাসিকভাবে দুই দলের লড়াই অত্যন্ত সমানে সমান। এ পর্যন্ত ১০৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে আর্জেন্টিনার জয় ৪১টিতে এবং ব্রাজিলের ৩৯টিতে। বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে মেসিরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
শেষ পাঁচটি লড়াইয়ের চারটিতেই জিতেছে আর্জেন্টিনা এবং একটি ড্র হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা মাঠের লড়াইয়ে এই সম্ভাব্য ক্লাসিকো দেখার।
এনএন/ ২৫ জুন ২০২৬







