
ওয়াশিংটন, ৬ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপকে কেন্দ্র করে এক নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হয়েছে। নকআউট পর্ব শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফলারিন বালোগুনের ওপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা।
এর ফলে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন এই ফুটবলার। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর ফিফা শুরুতে জানিয়েছিল বালোগুন এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। তবে রবিবার হঠাৎ করেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে ফিফাকে এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলে শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
ফিফার শৃঙ্খলা কমিটি শৃঙ্খলাবিধির ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধারার আওতায় কোনো শাস্তি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা সম্ভব। বেলজিয়াম ফুটবল ফেডারেশন ফিফার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বেলজিয়ামের কোচ এই ঘটনাকে ফুটবলের সততা ও নৈতিকতার পরিপন্থী বলে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের মতে এই ঘটনা ফুটবলের ওপর রাজনৈতিক প্রভাবের এক বিতর্কিত উদাহরণ হয়ে থাকবে। ফিফা এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরণের সুবিধা দিয়েছিল। তবে বালোগুনের ক্ষেত্রে ফিফার দ্রুত অবস্থান পরিবর্তন এবং বিস্তারিত ব্যাখ্যার অভাব নিয়ে প্রশ্ন উঠছে।
নরওয়ের কাছে ব্রাজিলের হারের খবরের চেয়েও বর্তমানে এই রাজনৈতিক বিতর্কই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে। ফুটবলের চ্যাম্পিয়ন নির্ধারণে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের রাজনৈতিক প্রভাব নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
এস এম/ ৬ জুলাই ২০২৬






