ক্যান্ডি, ১৭ ফেব্রুয়ারি – ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার প্রবল শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে হারের পর সুপার এইটে ওঠার সমীকরণ এখন পুরোপুরি অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে।
ক্যান্ডিতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে পরাজিত হওয়ায় গ্রুপ বি-তে অজিদের অবস্থান নড়বড়ে হয়ে গেছে। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ৫২ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংসটি অস্ট্রেলিয়াকে এই কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে মূলত জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর।
সমীকরণ অনুযায়ী জিম্বাবুয়ে যদি তাদের বাকি দুটি ম্যাচের একটিতেও জয়লাভ করে তবে অস্ট্রেলিয়ার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে জিম্বাবুয়ে যদি দুই ম্যাচেই পরাজিত হয় তবে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে জিততে হবে যাতে নেট রান রেটে এগিয়ে থাকা যায়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে জানান যে এখন তাদের ভাগ্যের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই।
ড্রেসিংরুমের সবাই ভীষণ হতাশ এবং তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়েই ইনজুরির কারণে ভুগতে হচ্ছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। দলের প্রধান দুই পেসার প্যাট কামিন্স ও জশ হেইজলউডের অনুপস্থিতি বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছে যা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হার দলটিকে আরও চাপে ফেলে দিয়েছিল।
সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে অস্ট্রেলিয়ার সামনে পথ খোলা থাকলেও নিয়ন্ত্রণ আর তাদের হাতে নেই। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় এড়াতে হলে এখন প্রার্থনা আর শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের কোনো বিকল্প নেই অজিদের সামনে।
এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬





