
ওয়াশিংটন, ২৮ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে নির্ধারিত হয়েছে নকআউট পর্বের ৩২টি দল। এবারের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলোর পাশাপাশি নজর কেড়েছে আফ্রিকার দেশগুলো। আসরে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে ৯টি দলই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে যা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন মাইলফলক।
এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আলজেরিয়া ও নাইজেরিয়া অর্থাৎ মাত্র দুটি আফ্রিকান দল শেষ ষোলোতে জায়গা পেয়েছিল। এক যুগ পর সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে আফ্রিকার ফুটবল।
গ্রুপ পর্ব শেষে মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, মিসর, আলজেরিয়া, ডিআর কঙ্গো এবং কেপ ভার্দে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তিউনিসিয়া একমাত্র দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় চমক ছিল অভিষেক হওয়া কেপ ভার্দে।
স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ম্যাচেই ড্র করে অপরাজিত থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে দলটি। কোনো ম্যাচ না জিতেও নকআউটে ওঠার বিরল রেকর্ড গড়েছে তারা। দলটির এই সাফল্যে বড় অবদান রেখেছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
এছাড়া ডিআর কঙ্গো প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফুটবল বিশেষজ্ঞরা আফ্রিকার এই উত্থানকে বিশ্ব ফুটবলে মহাদেশটির শক্তিমত্তার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
এস এম/ ২৮ জুন ২০২৬







