
বুয়েনস আইরেস, ১ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে টুর্নামেন্টের নতুন দল কেপ ভার্দেকে। এই ম্যাচটি শুরু হওয়ার আগেই মাঠের বাইরের নানা আলোচনায় সরগরম ফুটবল দুনিয়া।
বিশেষ করে ঘানার আলোচিত তান্ত্রিক নানা কাওয়াকু বোনসামের এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন যে, লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিদায় করে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে কেপ ভার্দে।
নানা কাওয়াকু বোনসাম এর আগেও ফুটবলের বড় তারকাদের নিয়ে এমন মন্তব্য করে আলোচনায় এসেছিলেন। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর কালো জাদু করার দাবি জানিয়েছিলেন।
আশ্চর্যজনকভাবে সেই ম্যাচে হ্যারি কেইন কোনো গোল করতে পারেননি এবং ম্যাচটি ড্র হয়েছিল। সেই সময় এই তান্ত্রিক জানিয়েছিলেন যে, তিনি কেইনের কোনো বড় ক্ষতি চান না বরং তার দেশকে জেতাতেই এই অলৌকিক শক্তি প্রয়োগ করেছিলেন।
পরবর্তীতে কেইনকে সেই দশা থেকে মুক্ত করার ঘোষণা দিলে পরের ম্যাচেই গোল পান ইংলিশ এই তারকা। এবার বোনসামের নতুন লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসি। ৪ জুলাই মায়ামিতে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শক্তির বিচারে দুই দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকলেও তান্ত্রিকের এই অদ্ভুত দাবি নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। আলবিসেলেস্তেরা মাঠের দক্ষতায় এই ওঝার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে পরের রাউন্ডে যেতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
এস এম/ ১ জুলাই ২০২৬







