২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার – DesheBideshe

২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার – DesheBideshe

ওয়াশিংটন, ২৭ মার্চ – আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ এবং চূড়ান্ত ধাপ আগামী ১ এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে এটি লাস্ট-মিনিট সেলস ফেজ হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্ট চলাকালীন ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই বিক্রি প্রক্রিয়া উন্মুক্ত থাকবে। ঠিক কত সংখ্যক টিকিট এই ধাপে ছাড়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। তবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিটগুলো বিক্রি করা হবে। এমনকি ম্যাচের দিনগুলোতেও ধাপে ধাপে টিকিট কেনার সুযোগ থাকতে পারে বলে জানানো হয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী এর আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন জমা পড়েছিল এবং সেখান থেকে ইতোমধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মোট ১৬টি স্টেডিয়ামে আসন্ন এই আসর বসবে। পুরো আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির পরিকল্পনা করেছে আয়োজকরা। এদিকে টিকিটের চড়া দাম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। ফুটবল সাপোটার্স ইউরোপ বা এফএসই নামের একটি ইউরোপীয় সমর্থক সংগঠন ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করেছে।

তাদের অভিযোগ ফিফা নিজেদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ করেছে এবং ক্রয় প্রক্রিয়াকে অস্পষ্ট করে তুলেছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন টিকিটের এমন দাম নির্ধারণের পেছনে মূল কারণ হলো এই আসরের অস্বাভাবিক চাহিদা। সমালোচনার জবাবে ফিফা ৬০ ডলার মূল্যের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করেছিল যা কেবল নির্দিষ্ট সমর্থক ক্লাবগুলোর জন্য সংরক্ষিত ছিল।

কিন্তু এফএসই দাবি করেছে সাধারণ বিক্রি শুরু হওয়ার আগেই ওই বিশেষ ক্যাটাগরির টিকিটগুলো প্রায় শেষ হয়ে যায়। এছাড়া আগামী ২ এপ্রিল থেকে টিকিট পুনর্বিক্রয় এবং বিনিময়ের অফিশিয়াল প্ল্যাটফর্মও পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ফিফা। এই প্ল্যাটফর্মেও টিকিটের উচ্চমূল্য নিয়ে অভিযোগ উঠেছে। তবে ফিফার দাবি এটি সম্পূর্ণ ফ্যান-টু-ফ্যান বাজার। এখানে বিক্রেতারা নিজেরাই নিজেদের টিকিটের দাম নির্ধারণ করে থাকেন এবং এতে সংস্থার কোনো ধরনের হস্তক্ষেপ নেই।

এস এম/ ২৭ মার্চ ২০২৬



Scroll to Top