
ওয়াশিংটন, ১৭ জুলাই – ফুটবল বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে সোনালি ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি এবার যুক্ত হচ্ছে নতুন এক বিশেষ সম্মাননা। ২০২৬ ফিফা বিশ্বকাপে বিজয়ী দলের জন্য প্রথমবারের মতো দৃষ্টিনন্দন চ্যাম্পিয়নশিপ রিং বা আংটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
নিউ জার্সি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও মেডেলের সাথে এই বিশেষ আংটিও তুলে দেওয়া হবে। ফিফার ইতিহাসে এবারই প্রথম কোনো টুর্নামেন্টে এমন স্বীকৃতি চালু করা হচ্ছে। মূলত উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়া সংস্কৃতির আদলে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি বিশেষ আংটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং প্রদান করা হবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অবশিষ্ট ১ হাজার ৯৯৬টি আংটি ফিফার লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে সাধারণ সমর্থকদের জন্য উন্মুক্ত থাকবে।
ফলে ফুটবল প্রেমীরাও ইতিহাসের অংশ হিসেবে এই স্মারক সংগ্রহের সুযোগ পাবেন। এই চ্যাম্পিয়নশিপ রিংয়ের নকশায় বৈচিত্র্য থাকবে। এর এক পাশে খোদাই করা থাকবে বিশ্বকাপ ট্রফির ছবি এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের নাম। প্রতিটি আংটি হবে নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি।
প্রতিটি আংটির সঙ্গে সত্যতা নিশ্চিত করার জন্য একটি বিশেষ সনদও প্রদান করা হবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তীতে দলের অন্যান্য সদস্যদের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
এস এম/ ১৭ জুলাই ২০২৬







