২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করলেন শাকিরা ও বার্না বয় – DesheBideshe

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করলেন শাকিরা ও বার্না বয় – DesheBideshe


২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করলেন শাকিরা ও বার্না বয় – DesheBideshe

ওয়াশিংটন, ১৭ মে – আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা বাড়াতে যৌথভাবে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং আফ্রোবিটস আইকন বার্না বয়। ‘ডাই ডাই’ শিরোনামের এই গানটিকে টুর্নামেন্টের অফিশিয়াল অ্যান্থেম হিসেবে প্রকাশ করা হয়েছে।

নিউইয়র্কে প্রকাশিত এই ট্র্যাকে লাতিন সুর ও আফ্রোবিটসের এক অনন্য সংমিশ্রণ লক্ষ্য করা গেছে। এটি একটি বহুভাষিক বৈশ্বিক পপ গান। গানের কথাগুলোতে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। গানে শাকিরা ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার নাম উচ্চারণ করেছেন। অন্যদিকে বার্না বয়ের অংশে এসেছে মেক্সিকো, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নেদারল্যান্ডসের নাম।

গানের শুরু থেকে শেষ পর্যন্ত শাকিরা ও বার্না বয় আলাদাভাবে নিজেদের দক্ষতা দেখিয়েছেন এবং কোরাসের পরে তাদের চমৎকার ডুয়েট গানটিকে প্রাণবন্ত করে তুলেছে। এই গান প্রকাশের পরপরই ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে,

  • ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একটি জমকালো হাফটাইম শো অনুষ্ঠিত হবে।
  • আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে।
  • সেখানে শাকিরা ছাড়াও পারফর্ম করবেন কিংবদন্তি গায়িকা ম্যাডোনা এবং জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
  • পুরো আয়োজনটির কিউরেশনের দায়িত্ব পালন করছেন কোল্ডপ্লে ব্যান্ডের জনপ্রিয় গায়ক ক্রিস মার্টিন।
  • এই বিশাল আয়োজন থেকে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
  • এই অর্থ শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।

এর আগে গত সপ্তাহে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে নাচের একটি ছোট ভিডিও পোস্ট করে ভক্তদের নতুন এই গানের ইঙ্গিত দিয়েছিলেন শাকিরা। বিশ্বকাপের গানের সঙ্গে শাকিরার সম্পৃক্ততা অত্যন্ত পুরনো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য গাওয়া তার ‘ওয়াকা ওয়াকা’ গানটি আজও সর্বকালের অন্যতম সেরা ফুটবল সংগীত হিসেবে স্বীকৃত।

বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান তাদের প্রচারণা শুরু করেছে। গত মার্চ মাসে কোকা-কোলা তাদের নিজস্ব গান প্রকাশ করেছিল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। জুন ও জুলাই মাস জুড়ে এই টুর্নামেন্টের মূল আসর অনুষ্ঠিত হবে।

এস এম/ ১৭ মে ২০২৬



Scroll to Top