উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ২০২৪ সালে তিনটি অতিরিক্ত তথ্যানুসন্ধান কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কাজ ঘোষণা করা হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের চলতি বছরের শেষ বৈঠকে আগামী বছরের জন্য নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলোর এটি একটি।
পাঁচ দিনের এ বৈঠক গতকাল শনিবার শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
বৈঠকে কিম জং-উন বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কোরীয় উপদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে। তারা পরিস্থিতিকে আরও খারাপ করছে। বছর শেষ হতে যাচ্ছে, তা সত্ত্বেও তারা উত্তর কোরিয়ার জন্য বিভিন্ন ধরনের সামরিক হুমকি অব্যাহত রেখেছে।




