১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত হচ্ছে – DesheBideshe

১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত হচ্ছে – DesheBideshe


১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত হচ্ছে – DesheBideshe

ঢাকা, ১৪ জুলাই – দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ১৫ মাস বয়সী শিশুদের জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ আগস্ট থেকে এই নতুন টিকাদান কার্যক্রম দেশজুড়ে শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে যে, ২০২৫ সালের জাতীয় ক্যাম্পেইনের সফলতার পর এবং কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে এই টিকা নিয়মিত কর্মসূচিতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রমের আওতায় ১৫ মাস বয়সী শিশুদের ইপিআই কেন্দ্র থেকে এক ডোজ টিসিভি প্রদান করা হবে।

একই সাথে এমআর ২ টিকার ডোজও প্রদান করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশু শনাক্ত করা এবং ভ্যাক্সইপিআই অ্যাপে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেছে।

৫ ডোজের ভায়াল ব্যবহার করে পরিচালিত এই কর্মসূচিতে টিকার গুণমান রক্ষায় নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এস এম/ ১৪ জুলাই ২০২৬



Scroll to Top