চট্টগ্রাম নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিচালনায় গত ১৩ বছরে ৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরে বর্তমান পরিচালনা কমিটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিট হাসপাতালটি পরিচালনা করে।
এতে উল্লেখ করা হয়, কেনাকাটার হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, বিগত সময়ে একটি বালিশ কেনায় খরচ দেখানো হয়েছে ১৯ হাজার টাকা পর্যন্ত। বেডশিট, দরজা–জানালা, বালিশ–ফোম, ম্যাট্রেস ইত্যাদি খাতে প্রতিবছর ৩০ লাখ টাকা ব্যয় দেখানো হয়। অথচ এখন এ খাতে প্রতিবছর খরচ হচ্ছে ৩ লাখ ২৫ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন। রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সোসাইটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম খান, সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।




