বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিলেও দেশের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগে অভিশংসিত হলেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস। যুক্তরাষ্ট্রের ১৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোন স্বরাষ্ট্রমন্ত্রী অভিশংসিত হলেন।
আজ ১৪ ফেব্রুয়ারি বুধবার এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাসকে অভিশংসনের প্রস্তাবে গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভোটি হয়। এই প্রস্তাবের পক্ষে ২১৪টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ২১৩টি ভোট।
২২ পৃষ্ঠার এই প্রস্তাবে আইনপ্রণেতারা বলেছেন, মায়োরকাস সীমান্ত সংকটের বিষয়ে ফেডারেল আদালতের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন। তিনি দক্ষিণ সীমান্তে ব্যাপক সংখ্যক অভিবাসীদের আগমনের জন্য দায়ী। বিলটি এরপর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে পাঠানো হবে। তবে সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও পদে বহাল থেকে যেতে পারেন আলেজান্দ্রো।
তবে প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপিত হওয়ার পর এর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই প্রস্তাবকে অসাংবিধানিক এবং নির্লজ্জ কাজ বলে আখ্যায়িত করেছেন। প্রস্তাবটিকে রিপাবলিকানদের রাজনৈতিক স্ট্যান্ট বলে সমালোচনাও করেছেন তিনি।




