
ঢাকা, ৩০ আগস্ট – দেশের ১১টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন সীমানা নির্ধারণের বিষয়টি জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারিত হওয়া আসনগুলো হলো ঠাকুরগাঁও এক, বগুড়া দুই, পিরোজপুর এক, ময়মনসিংহ ১০, ব্রাহ্মণবাড়িয়া ৩ ও ৪, কুমিল্লা তিন, লক্ষ্মীপুর ২ ও ৩, চট্টগ্রাম দুই এবং কক্সবাজার এক। ইসির গেজেট অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসনে নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকার বৈঠকে গত মে মাসে এই দুটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।
একইভাবে বগুড়া দুই আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নবগঠিত মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে। পিরোজপুর এক আসনের সীমানায় পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ময়মনসিংহ ১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নতুন গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে।
গত জুলাই মাসে নিকার বৈঠকে এই উপজেলার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে যুক্ত করা হয়েছে এবং এই ইউনিয়ন বাদে ব্রাহ্মণবাড়িয়া চার আসন গঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে গঠিত বরিশল ইউনিয়নকে গত মে মাসে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কুমিল্লা তিন আসনে মুরাদনগর উপজেলার পাশাপাশি নতুন গঠিত বাঙ্গরা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম দুই আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত করা হয়েছে। এছাড়া কক্সবাজার এক আসনে নবগঠিত মাতামুহুরী উপজেলাকে অন্তর্ভুক্ত করে নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬


