
মুম্বাই, ১২ এপ্রিল – হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েক দিন আগেও মুম্বাইয়ের একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায় হৃদরোগের পাশাপাশি তিনি ফুসফুসের জটিলতায়ও ভুগছেন।
আশার নাতনি জ়ানাই ভোঁসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার স্বাস্থ্যের সবশেষ খবর জানিয়েছেন। তিনি লিখেছেন তার দিদিমা ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে তার চিকিৎসা চলছে এবং পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে তারা আশাবাদী এবং পরবর্তীতে সব তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছেন জ়ানাই।
প্রায় আট দশক দীর্ঘ কর্মজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও ২০০৮ সালে পদ্মভূষণ সম্মাননা অর্জন করেন। এছাড়া ১৯৯৭ সালে তিনি গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬






