হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১৭ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
নিয়মিত প্রতিবেদনে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটে, সেগুলোকে হামজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়।


