দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ে ৩৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছর নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১৮ জনে।
একই সময়ে আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
