হান্টাভাইরাস: আক্রান্তের সংখ্যা ১০ জন, ডব্লিউএইচও-এর নতুন তথ্য প্রকাশ | চ্যানেল আই অনলাইন

হান্টাভাইরাস: আক্রান্তের সংখ্যা ১০ জন, ডব্লিউএইচও-এর নতুন তথ্য প্রকাশ | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে বর্তমানে হান্টাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি আগের ১১ জনের হিসাব সংশোধন করে জানায়, একজন সন্দেহভাজন রোগীর পরীক্ষা পরে নেগেটিভ এসেছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৬ মে) ডব্লিউএইচও-এর মহামারি ও প্রস্তুতি বিভাগের পরিচালক মারিয়া ভান কারখোভে বলেন, এর আগে একজন ব্যক্তির ক্ষেত্রে অনির্দিষ্ট ফল আসায় তাকে তালিকায় রাখা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওই ব্যক্তি হান্টাভাইরাসে আক্রান্ত নন। বর্তমানে আটটি কেস পরীক্ষাগারে নিশ্চিত এবং দুটি কেস সম্ভাব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

সংক্রমণটি মূলত ডাচ লাক্সারি ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে শনাক্ত হয়, যা আর্জেন্টিনা থেকে একটি পোলার অভিযান শুরু করেছিল। জাহাজটিতে থাকা ক্যাপ্টেন ও ২৬ জন ক্রু বর্তমানে সুস্থ আছেন এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। এখন পর্যন্ত জাহাজে কোনো উপসর্গযুক্ত ব্যক্তি নেই। বর্তমানে হান্টাভাইরাস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য খুব বেশি ঝুঁকি নয়।

তবে ভাইরাসটির দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে বিবেচনায় নিয়ে আগামী দিনে আরও কিছু নতুন সংক্রমণ শনাক্ত হতে পারে। তাই দেশে ফিরে যাওয়া যাত্রীদের বিশেষায়িত কেন্দ্র বা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা করা হবে। এটি সংক্রমণ বাড়ার ইঙ্গিত নয়; বরং নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকা এবং পরীক্ষার ধারাবাহিকতার ফল।

মারা যাওয়া এক যাত্রীর মরদেহ এখনো জাহাজে রয়েছে এবং তা যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ চলছে। ডব্লিউএইচও আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে এই সংক্রমণ ও এর বিস্তার নিয়ে কাজ করছে।

Scroll to Top