হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস – DesheBideshe


হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের আশ্বাস – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার জোরালো আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস এই তথ্য জানায়।

ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় যে, দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতামূলক মূল্যবোধ এই সম্পর্কের মূল ভিত্তি।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতের ফলে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে ইরান।

এছাড়া সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি ও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে দূতাবাস। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ ধরনের গঠনমূলক সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতোমধ্যে তারা আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছে। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের বিষয়টিকে একটি বিশেষ এবং ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়। তবে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে দূতাবাস। ভুল ধারণা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ বা বিবৃতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা সমুন্নত রাখতে ইরান তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top