হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে – DesheBideshe

হঠাৎ লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে – DesheBideshe

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – নানা নাটকীয়তার মধ্য দিয়ে পর্দা উঠেছে দশম টি টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে বাংলাদেশ অংশগ্রহণ করছে না এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে আইসিসির এই বৈঠকে যোগ দিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে আজ বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা গেছে বৈঠকে চলমান সমসাময়িক ইস্যু এবং বিশ্বকাপের অচলাবস্থা নিয়ে আলোচনা হবে।

মূলত ভারতের মাটিতে খেলতে অসম্মতি জানিয়েছিল বাংলাদেশ। তারা নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পিসিবি সভাপতি মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে আসছেন।

ভারত ও পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তাই বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top