নারায়ণগঞ্জ–১ আসনে (রূপগঞ্জ) আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থনে বের করা মিছিল থেকে টাকা বিলি করা হয়েছে। আজ বুধবার টাকা বিলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ভূমিদস্যুরা ওই প্রার্থীর পেছনে কোটি কোটি টাকা ঢালছে। সেই টাকা উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ওই ভিডিও তারই একটি প্রমাণ। আসনটিতে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারও টাকা বিলির ওই ভিডিওর বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (জাহাঙ্গীর)। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নুরুল স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত।




