স্পোর্টিং উইকেটেই বাংলাদেশের সাফল্যের ভিত্তি, বললেন আশরাফুল

ঘরের মাঠে উইকেটের ধরন বদলের সুফল ধীরে ধীরে পেতে শুরু করেছে বাংলাদেশ। গত দুই বছর ধরে দেশের মাটিতে তুলনামূলক স্পোর্টিং উইকেটে খেলার কারণে বিদেশের কন্ডিশনেও ব্যাটারদের মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তাঁর মতে, ঘরের মাঠে ভালো উইকেটে খেলার সিদ্ধান্তই সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ।

বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিকতার ঘাটতি থাকলেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কিছু ফল এসেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। সেই সাফল্যের পেছনে দেশে ভালো উইকেটে খেলার সুযোগ তৈরি করে দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন আশরাফুল।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘গত নয় মাস ধরে আমরা ভালো উইকেটে খেলছি, সে কারণেই কিন্তু ভালো ভালো ফলাফলগুলো আমাদের পক্ষে আসছে। তিনটি বিভাগেই আমরা ভালো করছি– ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায়।’

ভালো উইকেটে খেলার সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও মনে করেন আশরাফুল। জাতীয় দলের প্রধান কোচ ও তিন ফরম্যাটের অধিনায়কদের পাশাপাশি বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সমন্বিত সিদ্ধান্তের ফল হিসেবেই এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি।

আশরাফুল বলেন, ‘গত নয় মাস যেভাবে আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা টেস্ট, ওয়ানডেতে আমরা কিন্তু ভালো উইকেটে খেলছি। এটার একটা বড় কৃতিত্ব দিতে হবে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়ক, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভালো উইকেটে খেলব।’

দেশের মাটিতে স্পোর্টিং উইকেটে খেলার ফলে শুধু ব্যাটাররাই নয়, দলের তিন বিভাগেই উন্নতি হয়েছে বলে মনে করছেন আশরাফুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী মিশনে বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজগুলো নিয়েও আশাবাদী আশরাফুল।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, ‘আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে…ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ঘরের মাঠে দুটি ম্যাচ, তারপরে আমরা দক্ষিণ আফ্রিকা যাব। আমি বিশ্বাস করি যে আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই আমরা ম্যাচ ধরে ম্যাচ ধরে চিন্তা করছি।’

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের সঙ্গে আশরাফুলের ব্যক্তিগতভাবেও বিশেষ এক যোগসূত্র রয়েছে। খেলোয়াড় হিসেবে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ের অংশ ছিলেন তিনি। এবার কোচ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলেন সাবেক এই অধিনায়ক।

দুই সময়ের দুই অর্জনের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজের ভাগ্যবান মনে করছেন আশরাফুল। তিনি বলেন, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আসলে যে এত বড় একটা অর্জনে দলের সঙ্গে থাকতে পেরেছি। যখন ২০০৫ সালে আমরা অস্ট্রেলিয়াকে হারালাম কার্ডিফে, ওই অস্ট্রেলিয়া দলটা তো খুবই শক্তিশালী দল ছিল। এবারের অস্ট্রেলিয়া দলটাও চমৎকার ছিল এবং তাদের মাঠে গিয়ে আমরা জয় করেছি, তো দুটি দলের সঙ্গেই থাকতে পেরে ভালো লাগছে।’

Scroll to Top