স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্পেনে বার্সেলোনার কাছে ৩ দিনের ব্যবধানে আবারো একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেন চালক নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। আহতদেরে মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার (২১ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, মঙ্গলবার সন্ধ্যায় গেলিদা এবং সান্ত সাদুরনি রেললাইনের মাঝে একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়লে তার সাথে রোডালিস ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। উত্তর-পূর্ব স্পেনে প্রবল ঝড়ের কারণে দেয়ালটি ধ্বসে পড়ে বলে ধারণা করা হয়।

কাতালোনিয়ার আঞ্চলিক অগ্নিনির্বাপণ পরিদর্শক ক্লদি গ্যালার্দো জানিয়েছেন, ট্রেন থেকে সকল যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, বার্সেলোনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) পশ্চিমে কাতালোনিয়ার গেলিডায় এগারোটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছিল। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

তারা আরও জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী মোইসেস ব্রোগি, বেলভিটজ এবং ভিলা ফ্রাঙ্কা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ জন ক্রুকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ট্রেনের ভেতরে আটকে পড়া একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় ৫ জন গুরুতর আহত ও ৬ জন মোটামুটি আহত হয়েছেন এবং ২৬ জনের তুলনামূলক কম আহত হয়েছেন।

এদিকে, মঙ্গলবার বার্সেলোনা কমিউটার নেটওয়ার্কে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বার্সেলোনার উত্তর-পূর্বে ব্লেনস এবং মাকানেট-ম্যাসানেসের মধ্যে ট্রেনটি চলছিল। এ ঘটনায় কোনও হতাআহতের খবর পাওয়া যায়নি তবে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এতে বুধবার প্রায় ৪ লাখ যাত্রী ট্রেন পরিষেবা নাও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে রেললাইনের ওপর পাথর পড়ে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে আলাদা একটি ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্যেই আবারও এই নতুন দুর্ঘটনার মুখোমুখি হল স্পেন।

Scroll to Top