
প্যারিস, ১৩ জুলাই – দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। শেষ চারে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। শিরোপা জয়ের লক্ষে পুরো টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল খেলেছে এই দুই পরাশক্তি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফরাসি শিবিরে বইছে স্বস্তির হাওয়া।
চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। চলতি আসরে ফ্রান্সের প্রথম চারটি ম্যাচের তিনটিতেই শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি। তবে কুঁচকির চোটের কারণে নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে তিনি মাঠে নামতে পারেননি।
ফরাসি ক্রীড়া মাধ্যম লেকিপ এর দেওয়া তথ্য অনুযায়ী, চুয়ামেনি এখন পুরোপুরি সুস্থ এবং স্পেনের বিপক্ষে দিদিয়ের দেশমের শুরুর একাদশে তার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। চুয়ামেনির ফেরায় কপাল পুড়তে পারে রোমা মিডফিল্ডার মানু কোনের।
চুয়ামেনির অনুপস্থিতিতে তিনি দারুণ পারফরম্যান্স করলেও অভিজ্ঞতার বিচারে তাকে পুনরায় বেঞ্চে ফিরে যেতে হতে পারে। মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ফ্রান্স যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেখানে এটিই একমাত্র পরিবর্তন হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সঙ্গে দেখা যেতে পারে মাইকেল ওলিসে এবং উসমান দেম্বেলেকে। ব্র্যাডলি বারকোলার জায়গায় একাদশে আসতে পারেন দেজিরে দুয়ে।
এছাড়া মাঝমাঠে আদ্রিয়েন র্যাবিও এর সাথে জুটি বাঁধবেন চুয়ামেনি। শারীরিক ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও এমবাপে, দায়োত উপামেকানো এবং উইলিয়াম সালিবার মতো তারকাদের নিয়েই রণপরিকল্পনা সাজাচ্ছেন দেশম।
এস এম/ ১৩ জুলাই ২০২৬







