রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাঁদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।
ময়মনসিংহ-৩ আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফল পেয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এতে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর পাওয়া ভোটের ব্যবধান ৯৮৫। অন্যদিকে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট ৩ হাজার ৩২টি। এ জন্য ওই কেন্দ্রে ভোট গ্রহণের পর আসনের ফলাফল ঘোষণা করা হবে।


