রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁরই বাবা অনিরুদ্ধসিং জাদেজা। বলেছিলেন, পারিবারিক কলহের পেছনে মূল কারণ তাঁর পুত্রবধূ। এ নিয়ে বাবার সমালোচনা করেছেন ভারতীয় অলরাউন্ডার।
ভারতের গুজরাটি সংবাদমাধ্যম ‘দিব্য ভাস্কর’–এ সাক্ষাৎকারে অনিরুদ্ধসিং বলেছিলেন, ‘আপনি কি চান সত্য কথা বলি? রবীন্দ্র এবং তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাদের কল (ফোন) দিই না, তারাও আমাদের কল (ফোন) দেয় না।’ অনিরুদ্ধসিং আরও বলেছিলেন, ‘তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরই সমস্যার সূত্রপাত। এখন আমি জামনগরে একাই থাকি। আর রবীন্দ্র আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না। তার স্ত্রী তাকে কী জাদু করেছে আমি জানি না।’


