অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
এক বিবৃতিতে পিএফএ আল-আশকারের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সংস্থাটির দাবি, এ সময়ে হাজারো ক্রীড়াবিদ হতাহত হয়েছেন। সেলিম আল-আশকারও সেই দীর্ঘ তালিকায় যুক্ত হলেন।
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সন্তান পৃথিবীর আলো দেখার আগেই প্রাণ হারালেন এই গোলরক্ষক। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আল-আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। বুধবার দেওয়া এক শোকবার্তায় ক্লাবটি জানায়, সেলিম আল-আশকারের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় ক্লাবটি।
গাজায় চলমান সংঘাতের কারণে শুধু সাধারণ মানুষই নয়, ক্রীড়াঙ্গনের অনেক সদস্যও প্রাণ হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেলিম আল-আশকারের মৃত্যু সেই মানবিক বিপর্যয়ের আরেকটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে সামনে এলো।





