লন্ডন, ২২ মার্চ – অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির পরিচালনায় পর্দায় ফিরছেন। হলিউডের এই দুই আইকন এবার নিয়ে আসছেন সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’। বিনোদন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী এই সিনেমায় ডিক্যাপ্রিওর সঙ্গে পর্দা ভাগ করবেন আরেক অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি স্করসেসি এবং লরেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায় প্রচণ্ড শীতের মধ্যে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছেন ডিক্যাপ্রিও এবং লরেন্স। এই সিনেমায় তারা স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তাদের দাম্পত্য সম্পর্ককে ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার মূল কাহিনী। অনেকেই মনে করছেন সিনেমাটি স্করসেসি এবং ডিক্যাপ্রিও জুটির ২০১০ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার ‘শাটার আইল্যান্ড’ ঘরানার হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আশা করা হচ্ছে বছরের শেষ দিকে ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ডিক্যাপ্রিও এবং লরেন্স ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ম্যাডস মিকেলসেন, প্যাট্রিসিয়া ক্লার্কসন এবং জ্যারেড হ্যারিসের মতো জনপ্রিয় তারকারা।
পিটার ক্যামেরনের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এর গল্পে দেখা যাবে এক মার্কিন দম্পতি একটি শিশুকে দত্তক নেওয়ার উদ্দেশ্যে ইউরোপের একটি ছোট শহরে পৌঁছান। এরপর সেখান থেকেই শুরু হয় নানা রহস্যে ঘেরা রোমাঞ্চকর এক অধ্যায়। এর আগে মার্টিন স্করসেসির পরিচালনায় ‘দ্য এভিয়েটর’, ‘গ্যাংস অফ নিউ ইয়র্ক’, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ এবং ‘শাটার আইল্যান্ড’ এর মতো বিখ্যাত সব সিনেমায় অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। অন্যদিকে জেনিফার লরেন্স এবারই প্রথম এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে লরেন্স এবং ডিক্যাপ্রিওকে এর আগে ‘ডোন্ট লুক আপ’ নামের একটি সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল।
এস এম/ ২২ মার্চ ২০২৬







