
ব্রাসেলস, ২০ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করে নিয়েছে ব্রাজিল। ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে চার পয়েন্ট অর্জন করে সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা। তবে মাঠের সাফল্য ছাপিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে নতুন এক দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিল শিবিরে।
আগামী বুধবার স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে ড্র করলেই পরবর্তী পর্বে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ প্রশস্ত হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের তিন অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ইবানেজ, কাসেমিরো এবং ডগলাস সান্তোস। নতুন কোনো কার্ড পেলেই তাদের পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন দ্বিতীয় পর্ব শুরু হবে তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান তবে নকআউট পর্বের প্রথম ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। এই পরিস্থিতির কারণে স্কটল্যান্ড ম্যাচে সতর্ক থাকতে হবে এই তিন তারকাকে।
এস এম/ ২০ জুন ২০২৬







