
রিয়াদ, ২৭ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ড্র করে নতুন ইতিহাস রচনা করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ এইচ এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
অন্যদিকে এই ড্রয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সৌদি আরবের। নকআউট পর্বে যাওয়ার জন্য সৌদি আরবের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না কিন্তু নির্ধারিত সময়ে কোনো গোল করতে না পারায় তাদের যাত্রা সেখানেই শেষ হয়ে যায়।
পুরো গ্রুপ পর্বে দুর্দান্ত রক্ষণভাগ এবং শৃঙ্খলার পরিচয় দিয়েছে কেপ ভার্দে। তারা শক্তিশালী স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষেও ২ ২ ব্যবধানে ড্র করেছিল। অন্যদিকে সৌদি আরব উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট পেলেও স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে।
গ্রুপের অপর ম্যাচে স্পেন ১ ০ গোলে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে। রানার্সআপ কেপ ভার্দের সামনে এখন বড় চ্যালেঞ্জ কারণ শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ছোট দেশ হলেও অদম্য মনোবল নিয়ে তারা এবারের আসরের অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব আক্রমণে সুযোগ তৈরি করলেও রক্ষণভাগের দৃঢ়তার কাছে বারবার পরাস্ত হয়েছে। ফলে এবারের টুর্নামেন্ট থেকে হতাশা নিয়েই বিদায় নিতে হচ্ছে এশিয়ান পরাশক্তিদের।
এস এম/ ২৭ জুন ২০২৬






