বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটির যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা শরীফ ইমিগ্রেশনের সামনে থাকা ওয়াটার ফিল্টার থেকে পানি পান করতে যান। একপর্যায়ে আলাউদ্দিন নামের যাত্রীর কাছ থেকে শরীফের কিছু একটা নেওয়ার দৃশ্য কাস্টমসের কর্মকর্তাদের চোখে পড়ে। এরপরই তাঁকে চ্যালেঞ্জ করে তাঁর কাছ থেকে সোনার বার উদ্ধার করা হয়। এ সময় বিমানবন্দর কাস্টমসকে সহযোগিতা করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখনো আমাদের কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’




