
ঢাকা, ১৫ এপ্রিল – বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।
বুধবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাতকালে সেনাপ্রধান ও রাষ্ট্রদূত পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা শিল্প এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ ও পেশাদারী সম্পর্ক আরও বেগবান করার ব্যাপারে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬






