সেঞ্চুরির পর মেয়ের উদ্দেশে লিটনের চিরকুর প্রদর্শন, চারশর পথে বাংলাদেশ – Sarabangla

সেঞ্চুরির পর মেয়ের উদ্দেশে লিটনের চিরকুর প্রদর্শন, চারশর পথে বাংলাদেশ – Sarabangla

জোহানেসবার্গ টেস্টে গতকাল টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় লিটন দাস অপরাজিত ছিলেন ৯২ রানে। আজ দ্বিতীয় দিনের শুরুতে ভুল করেননি বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তুলে নিয়েছেন আরেকটা টেস্ট সেঞ্চুরি। ৬০তম টেস্ট খেলতে নামা লিটনের এটা অষ্টম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেটা পঞ্চম সর্বোচ্চ।

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোরটা আরও বড় হয়েছে। গতকাল কাগিসো রাবাদার শুরুর ঝড়ের পর তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় আর লিটন দাস মিলে প্রতিরোধ গড়েছিলেন। তামিম ৬৭, হৃদয় ১৩৭ রান করে আউট হলেও লিটন অপরাজিত ছিলেন। আজ সেঞ্চুরি তুলে নেওয়ার পর লিটন এখনো অপরাজিতই।

এই প্রতিবেদন লেখা অবদি বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৯ রান। লিটন ১১৪ রানে অপরাজিত, তার সঙ্গে ১০ রানে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। ১৩টি চার, ১টি ছয়ে ১১৪ রানের ইনিংসটি সাজিয়েছেন লিটন।

লিটনের সেঞ্চুরির পর দারুণ একটা মুহূর্ত দেখা গেল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। পকেট থেকে কাগজের চিরকুট বের করে দেখালেন লিটন। তাতে হাতে লেখা- হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। লিটনের মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন আজ। জন্মদিনে ছোট্ট আনায়রার জন্য বাবার পক্ষ থেকে সেঞ্চুরি উপহার!

জোহানেসবার্গে কাল টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই কাগিসো রাবাদার তোপের মুখে পরে বাংলাদেশ। দলীয় মাত্র ২২ রানেই তিন উইকেট তুলে নেন রাবাদা। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। ৬৭ রান করা তামিমকে এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমকে পরপর দুই বলে ফিরিয়ে আবারও বাংলাদেশকে চাপে ফেলেন রাবাদা।

সেখান থেকে শক্ত একটা জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের পথে রাখেন তাওহিদ হৃদয় আর লিটন দাস। হৃদয় কাল শেষ পর্যন্ত ২২২ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে ১৩৭ রান করে ফিরেছেন দিনের শেষ বলে। আজ মেহেদি হাসান মিরাজকে নিয়ে দিনের খেলা শুরু করার পর নিজে তিন অঙ্কের কাঙ্খিত ঘরে প্রবেশ করেছেন লিটন।

হাতে এখনো চার উইকেট, সে হিসেবে বাংলাদেশের স্কোরটা আরও বাড়বে নিশ্চয়। বাকি ব্যাটারদের সঙ্গে নিয়ে সেটা চারশ’র ওপারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন লিটন!

Scroll to Top