গতকাল সুবিধাজনক অবস্থানে থেকে টেস্টের প্রথম দিনের খেলা শেষ করা বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের শুরুতে অনেকটা ব্যাকফুটে। সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম অনিক ফিরেছেন সেঞ্চুরির পরপরই। তার সাথে ফিরেছেন তাওহিদ হৃদয়ও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৫ রান। ২১ রান ব্যাট করছেন লিটন দাস, তার সঙ্গে ৮ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাল সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় থেকে প্রথম দিনের খেলা শেষ হয়েছিল। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের ওপেনার। দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২১৩। আজ দিনের প্রথম ওভারেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন সাদমান।
৩২ টেস্টের ক্যারিয়ারে সাদমানের এটা তৃতীয় সেঞ্চুরি। এ নিয়ে ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশি ওপেনার। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৫ সালের এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।
তবে সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি। অভিষিক্ত জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ব্যক্তিগত ১০৫ রানে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান। তার ১০৫ রানের ইনিংসটি ২৩৪ বলে ১১টি চারের সাহায্যে সাজানো।
গতকাল ক্রাম্পের শিকার হয়ে ৪২ রানে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় সাদমান ফেরার পর ক্রিজে আসেন। তবে সেই বিশপের বলেই সরাসরি বোল্ড হয়েছেন কোনো রান না যোগ করেই। দলীয় ২২১ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ।
গতকাল টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম সুবিধা করতে পারেননি। ফিরেছেন ৭ রান করেই। অভিজ্ঞ মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত ক্রিজে সেট হয়েছিলেন বটে কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। মুমিনুল ফিরেছেন ২৮ রানে, শান্ত ১৯ রানে।
পরে দলকে টেনে নিয়েছিলেন সাদমান ইসলাম, তাওহিদ হৃদয় আর লিটন দাস।



