বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামীকাল রবিবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তের জোর প্রস্তুতি সেরেছে। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে ওঠার এই মহারণে প্রতিপক্ষকে কোনো ছাড় দেওয়া হবে না।
আর্জেন্টিনা দলে এই মুহূর্তে কোনো চোট বা নিষেধাজ্ঞার সমস্যা নেই। সূত্রমতে, শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই উইনিং কম্বিনেশন ধরে রাখতে যাচ্ছেন স্কালোনি। রাইট-ব্যাক পজিশনে থাকছেন নাহুয়েল মোলিনা। ওদিকে আক্রমণভাগে লাউতারো মার্তিনেসকে আবারও বেঞ্চে রেখে শুরুর একাদশে জুলিয়ান আলভারেসকে খেলানো হতে পারে। নিকোলাস গনসালেসকে নিয়ে গুঞ্জন থাকলেও তিনিও থাকছেন বিকল্প হিসেবে।
হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের সাম্প্রতিক গোল খরা নিয়ে সমালোচনা হলেও শিষ্যদের পাশেই দাঁড়িয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘বল ছাড়াও মাঠে তারা নিজেদের দায়িত্বের চেয়ে বেশি অবদান রাখছে। দুর্ভাগ্যবশত তাদের যেকোনো একজনই খেলার সুযোগ পায়। তারা প্রতিপক্ষের রক্ষণের জন্য সবসময়ই বড় চিন্তার কারণ।’
চলতি বিশ্বকাপে আলজেরিয়া (৩-০), অস্ট্রিয়া (২-০) ও জর্ডানকে (৩-১) হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসে আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জয় পায়। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের রূপকথার প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখে তারা। অন্যদিকে, কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে উঠেছে সুইসরা।
মিসরের বিপক্ষে গোল করার পর বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডকে ২১ গোলে নিয়ে গেছেন লিওনেল মেসি। চলতি আসরে তার গোল ৮টি। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ আর্জেন্টিনা জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার আরেকটি কোয়ার্টার ফাইনালের জয়ী দল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।





