ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকায় সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এ ছাড়াও জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ইতোমধ্যে গাছ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। ককটেল বিস্ফোরণে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে মতিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সাদিকের টেক এলাকায় গাছ কেটে ফেলে সড়ক অবরোধের ঘটনা ঘটে। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে রাত ৯ টা থেকে রাত ১ টা অব্দি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগাজীর প্রধান সড়কে একটি বড় গাছ কেটে ফেলে পালিয়ে একদল দুর্বৃত্ত । ঘটনার পর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভুমি) এস এম অনিক চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে সড়কে কাটা গাছটি দেখতে পেয়েছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে এখানে উপস্থিত প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের মধ্যে গাছ অপসারণ করেছে।’
সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, এখনও পর্যন্ত জানা যায়নি ওই ঘটনা কারা ঘটিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। এ ছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, সেনাবাহিনী, আনসার, গ্রাম পুলিশসহ বিশেষ পুলিশ দল।
তিনি আরও জানান, উপজেলার কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি৷ মজলিশপুরের একটি কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপেরর ঘটনা ঘটলেও নির্বাচনী সরঞ্জামের ক্ষতি হয়নি।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরানো হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলায় ক্ষনে ক্ষনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে রাত ১২ টা ১৫ মিনিটের পর কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।
এ ছাড়াও দাগনভূঞা উপজেলার কয়েকটি গ্রামে কিছুক্ষণ পর পর ককটেলের বিকট শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন।
পাশাপাশি ফেনী শহরের রামপুরসহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতংকিত অবস্থায় রয়েছে এলাকাবাসী।
রামপুরের একাধিক বাসিন্দা জানান, বোমার শব্দে ঘুমানো যাচ্ছেনা। কিছুক্ষণ পর পর বিকট আওয়াজ হচ্ছে।
সোনাগাজীর উপজেলায়ও কিছুক্ষণ পর পর ককটেলের শব্দে প্রকম্পিত হচ্ছে বলে জানান স্থানীয়রা। ভোটারদের কেন্দ্র যেতে নিরুৎসাহিত করতে এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
এ ছাড়াও রাত ১০টার দিকে পরশুরামের সলিয়া এলাকায় পরশুরাম-ফেনী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, নির্বাচন ঘিরে সোনাগাজীতে ২৫০ জন পুলিশ চার স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা কাজ করছি। জেলায় ১ হাজার ১৩৮ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে।’


