সিলেটে দাঁড়ানো একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেহদি আফনান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর মালনিছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটানা ঘটে।
নিহত মেহদি আফনান (৩২) মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা। নিহতের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিক আহত যুবকের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুনু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের বিমানবন্দর থানার মালনিছড়া চা বাগান এলাকায় একটি মাইক্রোবাস (নোয়া) দাঁড়ানো ছিল। মেহদি আফনান মোটরসাইকেল নিয়ে ওই গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় আফনানের সঙ্গী অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


