সিরিয়ার কাছে হারের কয়েক ঘণ্টার মধ্যেই জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই হারের পর বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জেরার্ড জোন্সকে। সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের কয়েক ঘণ্টার মধ্যেই ইংলিশ এই কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাসখন্দে বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল দলটি। ফলে দুই ম্যাচ শেষে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ। এমন পরিস্থিতিতেই জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বাফুফে।

জোন্সের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জোন্সকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জোন্সের কাছে থাকা বাফুফের সব ধরনের সম্পদ অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামীদ কাসেমের কাছে বুঝিয়ে দিতে হবে। পরিচয়পত্র, চাবি, বিভিন্ন নথি, সরঞ্জামসহ ফেডারেশনের দেওয়া অন্যান্য সামগ্রীও এর আওতায় পড়বে। এদিকে, চুক্তি অনুযায়ী জোন্সের প্রাপ্য আর্থিক পাওনাও পরিশোধ করবে বাফুফে।

এবারের এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে শুরুতে আশাবাদী ছিল বাংলাদেশ। বছরের শুরুতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সেই সাফল্যের ধারাবাহিকতায় এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লক্ষ্য নিয়েছিল দলটি। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা পেছনে ফেলে আবারও মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ফুটবল।

সেই লক্ষ্যেই জেরার্ড জোন্সের অধীনে জুলাই ও আগস্টজুড়ে যশোরে দীর্ঘ প্রস্তুতি ক্যাম্প করেছে দল। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে স্কোয়াডে বিদেশি বংশোদ্ভূত পাঁচ ফুটবলারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে মাঠের বাইরের ঘটনাও স্বস্তি দেয়নি দলকে। উজবেকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কয়েক দিন আগে জোন্স ও সহকারী কোচ আতিউর রহমান মিশুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশিত হয়। এতে দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে।

এরপর তাসখন্দে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়েও তৈরি হয় আলোচনা। সেই সংবাদ সম্মেলনে ছিলেন না জোন্সসহ কোচিং স্টাফের কেউ। দলের কোনো খেলোয়াড়কেও সেখানে দেখা যায়নি।

সব মিলিয়ে প্রস্তুতির শুরু থেকে মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় থাকা জোন্সের অধ্যায়ের শেষ হলো সিরিয়ার কাছে বড় হারের পর।

Scroll to Top